ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) খাগড়াছড়ি ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখ মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনের পদপ্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
সভায় ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখ মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুফতি মাওলানা মোহাম্মদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা হবীবুল্লাহ জাহাঙ্গীর।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনের পদপ্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী ইসলামের আদর্শে আদর্শিত ছিলেন। তিনি দেশ ও দেশের মানুষের কথা ভাবতেন এবং ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখদের ভালোবাসতেন ও পছন্দ করতেন। তাঁর সন্তান তারেক রহমানও এর ব্যতিক্রম নন।
তিনি আরও বলেন, আজ নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই আমি ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছি। একই সঙ্গে পার্বত্য জেলা খাগড়াছড়ির উন্নয়নে কাজ করার সুযোগ চেয়ে সকলের কাছে দোয়া কামনা করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, আহলে সুন্নাত ওয়াল জামা‘আত খাগড়াছড়ি জেলা শাখা কমিটির সভাপতি মাওলানা আবু তাহের আনসারী, ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখ মতবিনিময় সভা সমন্বয় কমিটির আহ্বায়ক আব্দুর রব রাজা, রামগড় উপজেলা প্রস্তুত কমিটির আহ্বায়ক মুফতি মীর হোসাইন, আহলে সুন্নাত ওয়াল জামা‘আত খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক সাজেদ মাহমুদসহ খাগড়াছড়ির নয়টি উপজেলার ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখগণ।

