ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার (২০ জানুয়ারি)। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি ‘গণভোট’ও সম্পন্ন হবে।
ইসির পরিপত্র অনুযায়ী, বৈধ কোনো প্রার্থী চাইলে আজ নির্ধারিত সময়ের মধ্যে নিজে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।
এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, নির্বাচন আয়োজন নিয়ে কমিশন কোনো ধরনের চাপের মুখে নেই। একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর।

