সর্বশেষ :
20 Oct 2026, Tue

দীঘিনালা উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দীঘিনালা উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সদরস্থ কলাবাগান এলাকায় নিজ বাসভবনের বৈঠকখানায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

যোগদান অনুষ্ঠানে দীঘিনালা উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ৩নং কবাখালী ইউনিয়নের সাবেক সদস্য মো. কাশেমের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

এ সময় যোগদান অনুষ্ঠানে দীঘিনালা উপজেলার জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

যোগদান অনুষ্ঠানে দীঘিনালা উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. কাশেম বলেন, অনেক আগে থেকেই আমি বিএনপিকে পছন্দ করতাম। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে বাধ্য হয়ে বিরোধী দলের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু ছাত্র-জনতার আত্মত্যাগের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমরা ফিরে পেয়েছি বাকস্বাধীনতা। তাই আজ আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। পাশাপাশি খাগড়াছড়ি জেলার উন্নয়নে ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে আমি মনে-প্রাণে বিশ্বাস করি।

তিনি নতুন রাজনৈতিক পথচলায় বিএনপিতে যোগদান করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, শুরুতেই তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দলের জন্য কাজ করছি। আজ আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন, এজন্য আপনাদের ধন্যবাদ। আসন্ন সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজাসহ খাগড়াছড়ি জেলা ও দীঘিনালা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *