মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): দি ডেইলি ভয়েস অব এশিয়া পত্রিকার কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি পাঁচ ছেলে, নাতি-নাতনি, অসংখ্য সহকর্মী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, কুলিয়ারচর প্রেসক্লাবের আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবী, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ আলম, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার সুমন মোল্লা, ভৈরব প্রেসক্লাবের আহ্বায়ক মোস্তাফিজ আমিন, সদস্য সচিব সোহেলুর রহমান, কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাইন উদ্দিন এবং সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শরীফুন নেছা শুভ্রা পৃথকভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আহমেদ ফারুক ঢাকার সবুজবাগ এলাকার লক্ষ্মীগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আব্দুল জব্বার এবং মাতার নাম মরহুমা আনোয়ারা জব্বার। তাঁর পৈত্রিক বাড়ি নরসিংদী জেলার বেলাবো উপজেলার উজিলাব বেস্তিবাড়ি গ্রামে।
বিয়ের পর তিনি স্ত্রী-সন্তান নিয়ে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ধুপাখালী গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন এবং সেখানেই পরিবারসহ ভোটার হন। স্ত্রীর মৃত্যুর পর তিনি ছেলেদের সঙ্গে ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।
সর্বশেষ ঢাকায় এক ছেলের বাসায় অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়লে গত ১১ জানুয়ারি তাঁকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।
কর্মময় জীবনে তিনি জাতীয় দৈনিক বাংলাবাজার, দৈনিক যায়যায়দিন, দি ডেইলি নিউজ টুডে পত্রিকাসহ একাধিক জাতীয় দৈনিক ও ইংরেজি পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর ছেলে—কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্র প্রতিনিধি ও দৈনিক ইনকিলাব পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি আহমেদ সিফাত।

