ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): সশস্ত্র অস্ত্রধারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে পাহাড়ের শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক। এসময় তিনি আরও বলেন, সিএইচটি সম্প্রীতি জোট পাহাড়ের বিভিন্ন সমস্যা ও সংকট থেকে উত্তরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ পাহাড়ে অরাজকতা সৃষ্টি ও সাম্প্রদায়িক সহিংসতা উসকে দেওয়ার পায়তারা চালাচ্ছে। কেউ কেউ ভোটব্যাংককে পুঁজি করে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, আমরা চাই না পাহাড়ে আর কোনো ঘরবাড়ি ভাঙচুর হোক কিংবা প্রাণহানি ঘটুক। আমরা চাই পাহাড়ে পাহাড়ি ও বাঙালির মধ্যে শান্তিপূর্ণ সম্প্রীতির সহাবস্থান নিশ্চিত হোক। এটাই আমাদের একমাত্র লক্ষ্য।
এসময় আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতে সিএইচটি সম্প্রীতি জোটের মুখপাত্র পাইশিখই মারমা পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিকের অধিকার নিশ্চিতকরণ ও মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে পার্বত্য জেলার ১৪টি সম্প্রদায়ের সম্প্রীতির ঐক্যবন্ধনে গঠিত সিএইচটি সম্প্রীতি জোটের দাবিসমূহ উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিএইচটি সম্প্রীতি জোটের সিনিয়র সদস্য শাহীন আলম, খাগড়াছড়ি জেলা শাখার সদস্য মো. মোক্তাদির, সদস্য নিজাম উদ্দিন, চট্টগ্রাম শাখার সদস্য জিরা বাবু এবং রামগড়ের সংগঠক আই. এইচ. রাফি।

