মো. রাশেদুল ইসলাম (নাটোর): বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন- ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তিনি বলেছেন, বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে আগামী দিনে ঘোষিত ৩১ দফার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ থাকবে- ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এর অর্থ হলো, প্রত্যেকে নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবে।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। আপনারা জানেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, তখন তিনি এ দেশের মানুষকে বলেছিলেন আমরা সবাই বাংলাদেশি; হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি।
তিনি আরও বলেন, এই দেশে আমরা সবাই স্বাধীনভাবে বসবাস করব এবং এই দেশের নাগরিক হিসেবে বুক উঁচু করে নিজেদের পরিচয় দেব। যে যে ধর্মের মানুষ, সে সে ধর্মের পরিচয়ে মাথা উঁচু করে কথা বলবে এটাই এই দলের মূল নীতি। আমাদের নেতা তারেক রহমান একই কথা বলেছেন। আগামী দিনে দেশ পরিচালনার জন্য তিনি সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ পরিচালনা করবেন এটাই তাঁর রাজনৈতিক অঙ্গীকার।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে নাটোর শহরের উত্তর চৌকির পাড় শ্রী শ্রী রামচন্দ্র মন্দিরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আয়োজিত প্রার্থনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, শ্রী শ্রী রামচন্দ্র মন্দিরের সভাপতি রেবা দাস, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, মন্দিরের পুরোহিত অমিয় মুখার্জিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

