ঢাকা: রাজধানীর কদমতলীতে লোহার ভাঙ্গারি ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সাহাবুদ্দিনকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর কদমতলী থানাধীন কুদারবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শহিদুল (৩৫) ও নার্গিস বেগম (৪৫)। তারা উভয়েই কদমতলী এলাকার বাসিন্দা এবং ওই হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
র্যাব সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি রাত ১০টা ২০ মিনিটের দিকে কদমতলী থানাধীন ৬১ নম্বর ওয়ার্ডের আদর্শ সড়ক এলাকায় ব্যবসায়ী সাহাবুদ্দিনকে লক্ষ্য করে হামলা চালায় মো. শহিদুলসহ একদল দুর্বৃত্ত। পূর্ব শত্রুতার জের ধরে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে সাহাবুদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। মৃত্যু নিশ্চিত করার পর আসামিরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এই হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী বাদী হয়ে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৮, তারিখ: ০৭/০১/২০২৬)। মামলায় পেনাল কোডসহ বিস্ফোরক উপাদানাবলী আইনের ধারা যুক্ত করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।
অবশেষে আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কুদারবাজার এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অন্যান্য অপরাধীদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

