সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে জেলার চারটি উপজেলায় কৃষকদের মাঝে ধান চাষের কৃষি উপকরণ বিতরণ

খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে জেলার চারটি উপজেলায় কৃষকদের মাঝে ধান চাষের কৃষি উপকরণ বিতরণ

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে জেলার চারটি উপজেলায় কৃষকদের মাঝে ধান চাষের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল থেকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, খাগড়াছড়ির বাস্তবায়নে ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে জেলার চারটি উপজেলায় এসব উপকরণ বিতরণ করা হয়।

স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি ও রামগড়- এই চারটি উপজেলায় মোট ২৫ একর জমিতে প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নের জন্য ২৫ জন কৃষকের মাঝে ধান চাষের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে খাগড়াছড়ি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ওবায়দুর রহমান শাওনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, খাগড়াছড়ির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. সিরাজুল ইসলাম।

কৃষি উপকরণের মধ্যে ছিল ইউরিয়া, এমওপি, ডিএপি, জিপসাম, জিংক সালফেট, কীটনাশক, ছত্রাকনাশকসহ অন্যান্য প্রয়োজনীয় কৃষি উপকরণ ও সাইনবোর্ড।

প্রধান অতিথির বক্তব্যে মো. সিরাজুল ইসলাম বলেন, বোরো মৌসুমে পাহাড়ি অঞ্চলে চাষাবাদের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ব্রি ধান-১০০, ব্রি ধান-১০২, ব্রি ধান-১০৪, ব্রি ধান-১০৮ ও ব্রি ধান-১১৪ কৃষকদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়, উচ্চ ফলনশীল ও আধুনিক জাত। সঠিক সময় ও নিয়ম মেনে রোপণ এবং প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করা গেলে কৃষকরা উল্লেখযোগ্যভাবে ভালো ফলন পেতে সক্ষম হবেন।

তিনি আরও বলেন, ধানের উৎপাদন টেকসই রাখতে ব্লাস্ট রোগ প্রতিরোধে কৃষকদের সচেতনতা অত্যন্ত জরুরি। এ রোগ দমনে ওষুধ প্রয়োগের সময় ও পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। সঠিক মাত্রা ও নিয়ম মেনে ওষুধ প্রয়োগ করলে ব্লাস্ট রোগের ক্ষতি থেকে ধানকে সুরক্ষা দেওয়া সম্ভব।

কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ব স্ব উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *