দোহার (ঢাকা): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিল সদস্য, ঢাকা জেলা প্রধান সমন্বয়ক ও ঢাকা-০১ আসনের এমপি প্রার্থী মো. রাসেল মোল্লার আবেদনের পরিপ্রেক্ষিতে দোহার পৌরসভা উন্নয়ন কার্যক্রমের জন্য প্রায় ৪০ লাখ টাকা বিশেষ বরাদ্দ পেয়েছে। সরকার ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেট থেকে এ অর্থ অনুমোদন দিয়েছে।
জানা গেছে, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার বরাবর দেওয়া আবেদনের ভিত্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর-২ শাখা) গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, বার্ষিক উন্নয়ন সহায়তা খাতের ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে এককালীনভাবে এ অর্থ দোহার পৌরসভাকে দেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, অর্থ ব্যয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ২০০৮ ও উন্নয়ন সহায়তা বরাদ্দ ও ব্যবহার নির্দেশিকা-২০২৪ অনুসরণ করতে হবে। আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে অর্থ ব্যয় এবং ১৫ জুলাই ২০২৬-এর মধ্যে ব্যয়ের হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মো. রাসেল মোল্লা বলেন, দোহার-নবাবগঞ্জ এলাকার মানুষের জন্য আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দোহার পৌরসভার উন্নয়নের জন্য ৪০ লাখ টাকার বরাদ্দ অনুমোদন করাতে পেরেছি, আলহামদুলিল্লাহ।
তিনি আরও জানান, এর আগে পৌরসভার জন্য ১ কোটি টাকা অনুদান ও একটি এক্সকেভেটর মেশিন নিশ্চিত করা হয়েছিল। এছাড়া জয়পাড়া বড় ব্রিজটি বর্তমান জায়গা অনুযায়ী স্বল্প সময়ের মধ্যে সাধারণ ব্রিজ হিসেবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, মো. রাসেল মোল্লা দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সহায়তায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

