আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধুরইল দহতপুর সৎসঙ্গ ক্লাবের আয়োজনে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কুসুম্বা আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে দহতপুর ক্লাব সংলগ্ন মাঠে ট্রাস্ট সিম ইন্টারন্যাশনালের ডিরেক্টর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নূর আলম মণ্ডল প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টটির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে খেলোয়াড়, সমর্থক, দর্শক ও অতিথিবৃন্দ দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।
কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা, সমাজসেবক ও পোলট্রি ব্যবসায়ী এবং ক্লাবের সভাপতি মো. শামীম হোসেন মণ্ডলের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, স্থানীয় সমাজসেবক মো. মুন্না হোসাইন, দহতপুর সৎসঙ্গ ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী সুজিত মাহাতো এবং মহিপুর হাজী মহসীন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. মোস্তাকিম হোসেন।
উদ্বোধনী খেলায় কুসুম্বা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও ৪ নম্বর ওয়ার্ডের দল অংশগ্রহণ করে।

