ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলা বিএনপিতে যোগদান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন শতাধিক সদস্য। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর সভাপতিত্বে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ নম্বর সংসদীয় আসনের বিএনপির মনোনীত পদপ্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
যোগদান অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে প্রায় তিন শতাধিক সদস্য জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন।
বিএনপিতে যোগদান করা নবাগত সদস্যদের ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে এনসিপি খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের আগ থেকেই তারা এই দেশের বৈষম্য দূরীকরণে লড়াই-সংগ্রাম করে আসছেন। ছাত্র-জনতার আত্মত্যাগের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। তারা ভেবেছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের সাধারণ মানুষের কথা ভাববে এবং ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। কিন্তু শেষ পর্যায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে তারা দেখেন, ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী শক্তির পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকধারী জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছে এনসিপি। তাই তারা স্বেচ্ছায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতার পক্ষে থাকা জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।
তিনি আরও জানান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা স্বেচ্ছায় ও সজ্ঞানে বিএনপিতে যোগ দিয়েছেন। পাশাপাশি খাগড়াছড়ি জেলার উন্নয়নে ওয়াদুদ ভূঁইয়ার প্রয়োজন রয়েছে বলে তারা মনে প্রাণে বিশ্বাস করেন। নতুনভাবে রাজনৈতিক পথচলার জন্য বিএনপিতে যোগদান করে অনুষ্ঠানে উপস্থিত সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন সদস্যরা।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, শুরুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। স্বেচ্ছায় বিএনপিতে যোগ দেওয়ায় নবাগতদের ধন্যবাদ জানিয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছারসহ খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

