আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): সারাদেশের ন্যায় উত্তরবঙ্গের জেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কনকনে শীত, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে বোরো ধানের বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজতলার চারাগুলো হলুদ ও বিবর্ণ রূপ ধারণ করার পাশাপাশি অনেক চারা পচে নষ্ট হয়ে যাচ্ছে। বীজতলা বাঁচাতে কৃষকরা পলিথিন দিয়ে ঢেকে রক্ষার চেষ্টা করছেন। এছাড়াও কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী নানা পদক্ষেপ গ্রহণ করছেন তারা।
উপজেলার বিভিন্ন মাঠে দেখা যায়, আসন্ন বোরো ধান রোপণের জন্য কৃষকরা বীজতলা তৈরি করেছেন। কিন্তু কয়েকদিনের তীব্র শীত, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে বীজতলায় গজানো চারাগুলো হলুদ ও সাদা বর্ণ ধারণ করে পাতা গুটিয়ে মরে যাচ্ছে।
উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা গ্রামের কৃষক হাফিজার রহমান বলেন, ঠান্ডা আর কুয়াশায় বীজতলা হলুদ বর্ণ হয়ে চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পলিথিনে ঢেকেও কাজ হচ্ছে না। ইরি আবাদ করতে পারব কিনা আল্লাহ জানেন।
উপজেলার রতনপুর গ্রামের কৃষক মামুনুর রশিদ প্রামাণিক বলেন, এ বছর ১৩ বিঘা জমিতে ইরি ধান চাষের জন্য বীজতলা করেছি। কিন্তু শীত ও কুয়াশায় বীজতলার চারা নষ্ট হয়ে গেছে। ইরি আবাদ নিয়ে দুঃচিন্তায় আছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন বলেন, উপজেলায় এ বছর প্রায় ২০ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদের লক্ষ্যে সাড়ে ৪শ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। বৈরী আবহাওয়া থেকে বীজতলা রক্ষায় কৃষকদের পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চারা হলুদ বর্ণ ধারণ করলে ইউরিয়া সার, জিপসাম ও স্প্রে ব্যবহারের পরামর্শ দেন তিনি।

