মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে ১২ জন প্রার্থীর মধ্যে এনসিপিসহ ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। বিএনপিসহ ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব মনোনয়ন বাতিল ও বৈধ ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তথ্যের গড়মিলসহ বিভিন্ন অসঙ্গতির কারণে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ আয়ূব হোসেন (লাঙ্গল) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণীতে তথ্য না দেওয়ায়, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কুলিয়ারচর উপজেলা কমিটির সভাপতি ডা. মোহাম্মদ হাবিল মিয়া (কাস্তে) সম্ভাব্য অর্থপ্রাপ্তি, সম্পদ ও দায়ের তথ্য অসম্পূর্ণ থাকায়, ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি) মনোনীত মো. নজরুল ইসলাম (শাপলা কলি) সম্পদ ও দায়ের তথ্য পূরণ না করায় এবং স্বতন্ত্র প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি)-এর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শরিফুল হক জয়ের ১ শতাংশ সমর্থকের ভোটার তথ্য সঠিক না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ আসনে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ভৈরব উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মুছা খান (হাতপাখা), বৃহত্তর সুন্নী জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন (মোমবাতি), বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব আতাউল্লাহ আমীন (রিকশা), খেলাফত মজলিস মনোনীত প্রার্থী খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম (দেয়ালঘড়ি), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী নাঈমুল হাসান (আপেল) এবং গণফোরাম মনোনীত প্রার্থী শাফি উদ্দিন আহাম্মদ (উদীয়মান সূর্য)।
উল্লেখ্য, এ আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা তাদের প্রার্থিতা বাতিলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আপিলসহ আইনি পদক্ষেপ ও প্রতিকারের শেষ চেষ্টা চালিয়ে যাবেন বলে গণমাধ্যমকে জানান।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা জানান, প্রথম ধাপে শনিবার তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে তথ্যের অসঙ্গতিসহ নানা কারণে ১২ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, এ আসনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৬৬১ জন। এর মধ্যে নারী ভোটার ৮৩ হাজার ৮৯০ জন, পুরুষ ভোটার ৮৬ হাজার ৭৬৯ জন এবং হিজড়া ভোটার ২ জন। মোট ভোটকেন্দ্র ৫৬টি।

