মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী রক্তদানকারী সংগঠন ‘কান্দুলিয়া ব্লাড যুব সংঘ’-এর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।
‘আল্লাহ হোক সহায়, রক্তদান করবো সবাই’ এই স্লোগানকে সামনে রেখে ২ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টায় অফিসটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।
মানুষ ও মানবতার কল্যাণে, মুমূর্ষু মানুষের জীবন বাঁচানোর লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদানে নিয়োজিত সংগঠনটির সাফল্য ও শুভকামনা জানিয়ে সালুয়া ইউনিয়নের কৃতি সন্তান, মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত সালুয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাব-এর প্রতিষ্ঠাতা মো. আব্দুল কাইয়্যূম বলেন, মানবতার সেবায় নিবেদিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম কান্দুলিয়া ব্লাড যুব সংঘের কার্যালয়টি অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে উদ্বোধন করা হয়েছে।
অত্র সংগঠনের স্বেচ্ছায় রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের পরিকল্পনা, শ্রম, ঘাম ও আর্থিক সহযোগিতার মাধ্যমে মুমূর্ষু রোগীরা রক্তদান সেবা পাচ্ছেন উল্লেখ করে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, মহান আল্লাহ যেন সবাইকে সুস্থতার সঙ্গে নেক হায়াত দান করেন এবং তাঁদের এই মহৎ কাজের উসিলায় দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন।
এই আনন্দঘন ও গৌরবময় মুহূর্তে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করার জন্য সম্মানিত অতিথিবৃন্দ, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের শুভাকাঙ্ক্ষী, সকল দায়িত্বশীল সদস্য, প্রিয় স্বেচ্ছাসেবক, সম্মানিত রক্তদাতা এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান তিনি। তিনি বলেন, এই কার্যালয় শুধু একটি স্থাপনা নয়, এটি হবে মানবতার আহ্বানে সাড়া দেওয়া মানুষের মিলনকেন্দ্র এবং জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনে আশার ঠিকানা। এ সময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় সালুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মাসুম মিয়া, সমাজসেবী কাউসার মিয়া, কান্দুলিয়া ব্লাড যুব সংঘের সভাপতি তুষার রাজ, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিয়েলসহ সংগঠনের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

