ঢাকা: কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে আলোচনায় এসেছেন তেজগাঁও থানা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহমান। গত বছরের ১২ সেপ্টেম্বর যমুনা টেলিভিশন-এ প্রচারিত ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে চাঁদাবাজি সংক্রান্ত বক্তব্য দেন। এ ঘটনার পর ১৯ সেপ্টেম্বর তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়।
আজ সোমবার সকালে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেন। মানববন্ধনের ব্যানারে আব্দুর রহমানের নাম ও ছবি ব্যবহার করা হয়। ব্যবসায়ীদের অভিযোগ, মানববন্ধন চলাকালে আব্দুর রহমানের অনুসারীরা হামলা চালায়। এতে অন্তত ১০ জন ব্যবসায়ী আহত হন বলে জানান কারওয়ান বাজার ইসলামিয়া শান্তি সমিতির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন।
ব্যবসায়ীরা দাবি করেন, বহিষ্কারের পরও আব্দুর রহমানের চাঁদাবাজি বন্ধ হয়নি। চলতি মাসে ৫৫০ জন ব্যবসায়ী তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তবে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ অভিযোগ অস্বীকার করে বলেন, দল বিষয়টি তদন্ত করে সুনির্দিষ্ট প্রমাণ পায়নি।
এদিকে তেজগাঁও থানার ওসি কৌশৈন্যু মারমা জানান, আব্দুর রহমানের বিরুদ্ধে মামলা রয়েছে এবং তিনি জামিনে আছেন। মামলা ছাড়া পুলিশের পক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

