ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান হামলাকারীর দুই সহযোগীকে ভারতে আটক করা হয়েছে। আজ রবিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, ওসমান হাদি হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ পূর্ব-পরিকল্পিত। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ফয়সাল এবং তার এক সহযোগী ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে ভারতে পালিয়ে যায়। সেখানে তাদের আটক করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে ৬ জন আদালতে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে ডিএমপি আশাবাদ ব্যক্ত করেছে।

