সর্বশেষ :
19 Oct 2026, Mon

বড়াইগ্রামসহ নাটোর জেলার ১৪ ধর্মপল্লীতে বড়দিন উদযাপিত

বড়াইগ্রামসহ নাটোর জেলার ১৪ ধর্মপল্লীতে বড়দিন উদযাপিত

মো. রাশেদুল ইসলাম  (নাটোর): নাটোরের বড়াইগ্রামে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী জেলার খ্রিস্টান অধ্যুষিত বড়াইগ্রাম উপজেলার ৬টি খ্রিস্টান ধর্মপল্লীসহ সদর, সিংড়া ও লালপুর উপজেলার মোট ১৪টি ধর্মপল্লী ও গির্জায় এই ধর্মীয় উৎসবটি নির্বিঘ্নে পালিত হয়।

বৃহস্পতিবার সকাল ৭টা ও ৯টায় জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মপল্লী ‘বনপাড়া লুর্দের রানী মা মারিয়া ক্যাথলিক চার্চে’ বড়দিনের প্রধান খ্রিস্টযাগ উৎসর্গ করেন প্রধান পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা। এ সময় তাঁর সাথে ছিলেন সহ-প্রধান পাল-পুরোহিত ফাদার ড. শংকর ডমিনিক গমেজ ও সহকারী পাল-পুরোহিত ফাদার শ্যামল জেমস গমেজ।

সকাল ১০টায় বনপাড়া ধর্মপল্লীর চার্চে যিশু খ্রিস্টের জন্মোৎসবের কেক কাটেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালামসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

বড়দিন উপলক্ষে জেলার সকল গির্জা ও ধর্মপল্লীর বাড়িঘর বর্ণিল সাজে সাজানো হয়েছে। আল্পনা করা হয়েছে ধর্মপল্লীর সড়কগুলোতে। বিভিন্ন বাড়িতে ছোট-বড় আকারের ‘তারা’ তৈরি করে তাতে আলোকসজ্জার মাধ্যমে যিশু খ্রিস্টের আগমনী বার্তাকে তুলে ধরা হয়েছে। যিশু খ্রিস্ট যেখানে জন্ম লাভ করেছিলেন, সেই গোশালার প্রতিকৃতিও তৈরি করা হয়েছে অনেক জায়গায়। এ উপলক্ষে গির্জা প্রাঙ্গণে কীর্তন এবং বাড়ি বাড়ি পিঠা উৎসব, বৈঠকি গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *