শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরা জেলার তালা উপজেলাতে বিষ মাখানো সরিষা বীজ খেয়ে শতাধিক পাখির মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল থেকে উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে একের পর এক পাখি মারা যেতে দেখা যায়।
খবর পেয়ে রোববার খুলনা বন বিভাগের ওয়াইল্ডলাইফ অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন অফিসার তন্ময় আচার্য্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১৯ ডিসেম্বর হরিশ্চন্দ্রকাঠি বিলে সরিষা বীজ বপন করেন তালা মহিলা কলেজের প্রদর্শক আব্দুল বারী। পাখির ক্ষতি থেকে ফসল রক্ষার উদ্দেশ্যে বপনের আগে ওই বীজে বিষ মাখানো হয়। পরদিন ওই ক্ষেতে শতাধিক ঘুঘু ও কবুতরের বিচরণ দেখা যায় এবং একে একে পাখিগুলো মারা যেতে থাকে। গত দুই দিনে অন্তত ৮০টি কবুতর ও একটি ঘুঘু পাখির মরদেহ পাওয়া গেছে।
হরিশ্চন্দ্রকাঠি গ্রামের জিন্নাত খাঁ ও হায়দার আলী এবং রহিমাবাদ গ্রামের আজিজ সরদার জানান, তাঁদের প্রায় ৮০টি কবুতর মারা গেছে।
তাঁরা বলেন, পাখিরা তো বুঝে না- কোন বীজে বিষ মাখানো রয়েছে। এ ঘটনায় ক্ষতিপূরণ ও দায়ীদের বিচারের দাবি জানান তাঁরা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে তন্ময় আচার্য্য সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

