সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়িতে ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল

খাগড়াছড়িতে ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলায় ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ইটভাটার শ্রমিক-মালিকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষ। রবিবার (২১ ডিসেম্বর) সকালে শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়-এর সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।

সড়ক অবরোধের ফলে বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করলেও যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, চলতি মৌসুমে জেলায় কোথাও একটি ইটভাটাও চালু না থাকায় পুরো জেলায় তীব্র ইট সংকট দেখা দিয়েছে। এর ফলে একদিকে যেমন শত শত কোটি টাকার সরকারি উন্নয়ন কার্যক্রম সম্পূর্ণভাবে থমকে গেছে, তেমনি অন্যদিকে ইটভাটা সংশ্লিষ্ট জেলার হাজার হাজার শ্রমজীবী মানুষ জীবিকা হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। সরকারিভাবে শত শত কোটি টাকার প্রকল্প ইটের অভাবে বন্ধ রয়েছে।

ইটভাটা মালিকরা জানান, খাগড়াছড়িতে পরিবেশের সকল নিয়ম-কানুন মেনেই ইটভাটা পরিচালনার জন্য তারা প্রশাসনের অনুমতি চান।

এ সময় খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাহবুব আলম সবুজ, সদস্য সচিব সমর বিকাশ চাকমা,
উপজাতি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রিপ রিপ চাকমা, রাজমিস্ত্রি কল্যাণ সমবায়ের সভাপতি মো. রাজ্জাক, ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি মো. ইব্রাহিমসহ বিভিন্ন শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

প্রসঙ্গত, পরিবেশ মন্ত্রণালয় ও উচ্চ আদালতের নির্দেশনার আলোকে জেলার সকল ইটভাটা বন্ধ রাখতে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন।

পরে জেলার ইটভাটা শ্রমিক ও মালিকরা খাগড়াছড়ি জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ইটভাটার শ্রমিক ও মালিকদের আশ্বস্ত করে বলেন, এই জেলার ইটভাটার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন মহল ও শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে এসেছেন। পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে ইটভাটা চালুর বিষয়টি আমি সরকারের কাছে অবহিত করব এবং কীভাবে দ্রুত এর সমাধান করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *