সর্বশেষ :
20 Oct 2026, Tue

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের মরদেহ দেশে প্রত্যাবর্তন

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের মরদেহ দেশে প্রত্যাবর্তন

ঢাকা: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষীর মরদেহ আজ দেশে প্রত্যাবর্তন করেছে।

গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সংঘটিত ওই হামলায় শহীদ শান্তিরক্ষীদের মরদেহ আজ এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি শহীদ শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ; বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি; আবেইতে মোতায়েনরত জাতিসংঘ মিশন ইউনিসফা’র ফোর্স কমান্ডারের প্রতিনিধি ও চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার; পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউএন); পরিচালক, ওভারসিজ অপারেশন পরিদপ্তর, সেনা সদর; ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

মরদেহ গ্রহণকালে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় সকল সামরিক কর্মকর্তা শহীদ শান্তিরক্ষীদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট প্রদান করেন।

আগামিকাল রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারযোগে প্রেরণ করা হবে এবং যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, উক্ত সন্ত্রাসী ড্রোন হামলায় ৬ জন শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি আরও ৯ জন শান্তিরক্ষী আহত হন। আহতদের মধ্যে ৮ জন বর্তমানে কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতাল (লেভেল-৩ হাসপাতাল)- এ চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, বর্তমানে সকল আহত শান্তিরক্ষী শঙ্কামুক্ত রয়েছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *