দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার মানবিক সংগঠন ‘চৈতাবাতর যুব সমাজ’-এর নৈতিক ও মানবিক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় এক ধর্মপ্রাণ ব্যক্তি অত্যন্ত ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে পাঁচটি সহজ কুরআন শরীফ হাদিয়া দিয়েছেন।
এই মহৎ উদ্যোগে সংগঠনের সদস্যদের মাঝে আরও উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এতে এলাকার মানুষের জন্য কুরআন শিক্ষা গ্রহণের পথ আরও সহজ ও আলোকিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
হাদিয়া দেওয়া কুরআন শরীফগুলো হলো ‘সহজ কুরআন’, যার রয়েছে বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-
QR কোড সুবিধা, যেখানে মোবাইলে স্ক্যান করলেই শুদ্ধ, মার্জিত ও মনোমুগ্ধকর তিলাওয়াত শোনা যাবে, ফলে শেখা হবে আরও সহজ।
বাংলা প্র্যাকটিক্যাল টিপস, যেখানে তাজবীদের জটিল নিয়মগুলো সহজ ভাষায় ব্যাখ্যাসহ উপস্থাপন করা হয়েছে, যাতে যে কেউ সহজেই বুঝতে পারে।
কালার কোডেড পদ্ধতি, যেখানে প্রতিটি উচ্চারণ ও নিয়ম রঙভিত্তিক নির্দেশনায় সাজানো, ফলে ভুল পড়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যায়।
এছাড়াও বাড়িতে বসেই ধাপে ধাপে নিজের মতো করে শুদ্ধভাবে কুরআন শেখার জন্য এটি একটি পূর্ণাঙ্গ ও কার্যকর পদ্ধতি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই পাঁচটি সহজ কুরআন চৈতাবাতর এলাকার পাঁচটি মসজিদে সসম্মানে প্রদান করা হয়েছে, যাতে প্রত্যেক মসজিদের মুসল্লিরা সহজেই শুদ্ধ কুরআন শিক্ষার সুযোগ পান।
সংগঠনের সদস্যরা আশা, আল্লাহ তাআলা যেন এই মহৎ কাজের সঙ্গে জড়িত সকলকে উত্তম প্রতিদান দান করেন, দ্বীনের পথে এগিয়ে যাওয়ার তাওফিক দেন এবং এই উদ্যোগকে এলাকার মানুষের জন্য কল্যাণের একটি স্থায়ী দরজা হিসেবে কবুল করেন।

