সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে রাজনৈতিক দলের পোস্টার ও ব্যানার অপসারণ

পাঁচবিবিতে রাজনৈতিক দলের পোস্টার ও ব্যানার অপসারণ

আকতার হোসেন বকুল (জয়পুরহাট): পাঁচবিবি উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্বাহী আদেশ অনুযায়ী সারাদেশের ন্যায় পাঁচবিবিতেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকেই এই কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে পৌর শহরের পাঁচবিবি মহিলা কলেজ ও লতীহাটি এলাকায় গাছসহ বিভিন্ন স্থানে টাঙানো রাজনৈতিক দলের নেতাকর্মীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করতে দেখা যায়।

এ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছেন পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন। তিনি প্রতিদিন নির্ধারিত দাপ্তরিক কাজ শেষ করে এই অপসারণ কার্যক্রম তদারকি করছেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫, বাংলাদেশ গেজেট অনুযায়ী উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের টাঙানো পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করছে। রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের প্রতীক বরাদ্দ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, যেকোনো রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড বাসস্থান, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাকেন্দ্র, শিল্পকারখানা, দোকান, বিভিন্ন স্থাপনা, কাঁচা-পাকা বাড়ির ভেতর-বাহির ও ছাদ, গাছ, বৈদ্যুতিক লাইনের খুঁটি, সড়ক বিভাজন, ব্রিজ ও কালভার্টে টাঙানো থাকলে তা আইন অনুযায়ী অপসারণ করা হচ্ছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *