দোহার (ঢাকা): যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পাশাপাশিিউপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অঙ্গসংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাঙালি জাতির সবচেয়ে গৌরবোজ্জ্বল ও মহিমান্বিত অর্জন ১৯৭১ সালের রক্তস্নাত স্বাধীনতার চূড়ান্ত বিজয় এই দিনেই অর্জিত হয়। লাখো শহিদের রক্ত ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে পরাধীনতার শৃঙ্খল ভেঙে লাল-সবুজের পতাকাবাহী স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।
দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, বিজয় মেলার উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, হাসপাতাল, এতিমখানা ও থানা হাজতে উন্নতমানের খাবার পরিবেশন, জাতির শান্তি ও অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত। পাশাপাশি শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
এদিন গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে আলোকসজ্জা করা হয়। প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দিয়ে সজ্জিত করা হয়।
বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাঈদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা নির্বাহী প্রকৌশলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা আনসার কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার অ্যাডভোকেট আবু তালেব, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ (আবুল খালাসী), সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

