শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলের প্রাণ গেছে। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শাঁখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন (৩০) ও তাঁদের ছেলে মোস্তাকিন (১২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর মোড় এলাকায় যাত্রীবাহী একটি মাহেন্দ্র, একটি ট্রলি ও একটি মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এ সময় আরও কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। নিহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

