সর্বশেষ :
20 Oct 2026, Tue

লামায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন, শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

লামায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন, শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয় এবং লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে লামা উপজেলা প্রশাসন।

লামা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত কুচকাওয়াজ ডিসপ্লে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কোয়ান্টাম কসমো স্কুল (মাধ্যমিক ও প্রাথমিক শাখা) এবং দ্বিতীয় স্থান অর্জন করে হলি চাইল্ড পাবলিক স্কুল।

দিবসটি উপলক্ষে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়।

মোরশেদুল আলমের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুবায়েত আহমেদ, সহকারী কমিশনার (ভূমি), লামা; মোহাম্মদ শাহজাহান কামাল, অফিসার ইনচার্জ, লামা থানা; মোহাম্মদ তানবীর হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা; মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক, লামা প্রেস ক্লাব; কাজী মোহাম্মদ ইব্রাহীম, আমির, জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখা প্রমুখ।

দিনব্যাপী এই আয়োজনে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *