কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাপনগর হাই স্কুল মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েল।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল অসুস্থ মানুষের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলতাফ হোসেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, সাবেক ছাত্রদল ও যুবদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাছুম প্রফেসর, যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত নেতাকর্মীদের মাঝে লিফলেট বিতরণ করেন শরিফ উদ্দিন জুয়েল।

