সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরীর পথসভা

লামায় বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরীর পথসভা, কালের বার্তা

বেলাল আহমদ (বান্দরবান): বান্দরবানের লামায় পথসভায় বিশাল শোডাউন করে প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনীত বান্দরবান ৩০০নং আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরী। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে লামা পৌর বাস টার্মিনাল থেকে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের সমাবেশস্থলে এসে মিলিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে চূড়ান্ত জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা শুরু করেন স্থানীয় নেতা-কর্মীরা।

জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষ প্রতীকের বিভিন্ন ব্যানার-ফ্যাস্টুন হাতে নিয়ে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী এই গণমিছিলে অংশগ্রহণ করেন। তাঁদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে লামা শহরের রাজপথ। এ সময় ধানের শীষের পক্ষে বিশাল শোডাউনে সাচিং প্রু জেরীর সঙ্গে অংশ নেন লামা উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাবেক জনপ্রতিনিধি, কৃষক-শ্রমিক, তরুণ প্রজন্মের যুবক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সের নারী-পুরুষ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা পুনর্গঠনের রূপরেখা সম্পর্কেও সাধারণ জনগণকে অবহিত করেন। পরে তিনি নেতা-কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করব। দিনব্যাপী এই গণমিছিল ও সমাবেশকে ঘিরে লামা শহর ছিল উৎসবমুখর পরিবেশ। নেতা-কর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে লামা পৌর এলাকা। আর সাধারণ ভোটারদের মধ্যেও ছিল নির্বাচনের উৎসাহ-উদ্দীপনা।

তবে, উল্লেখযোগ্য বিষয় হলো বিএনপির একাংশ ‘জাবেদ রেজা গ্রুপে’র নেতা-কর্মীদের উপস্থিতি এই নির্বাচনী কর্মসূচিতে দেখা যায়নি। এটি স্থানীয় বিএনপিতে চলমান বিভাজনের ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন নেতা-কর্মী ও সাধারণ জনগণ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *