সর্বশেষ :
19 Oct 2026, Mon

রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদসহ স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদসহ স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, কালের বার্তা

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ, তাঁর স্ত্রী-সন্তানসহ মোট ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার (১২ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন:

  1. ওবায়েদ উল্লাহ আল মাসুদ (সাবেক এমডি, রূপালী ব্যাংক)

  2. মর্জিনা বেগম ওরফে মুনমুন মাসুদ (ওবায়েদ উল্লাহ আল মাসুদের স্ত্রী)

  3. জুনায়েদ জুলকার নায়েন ভিয়ান (ওবায়েদ উল্লাহ আল মাসুদের ছেলে)

  4. জুলুন সাফওয়ান (ওবায়েদ উল্লাহ আল মাসুদের ছেলে)

  5. তাসমিয়া তারান্নুম নাওমী (ওবায়েদ উল্লাহ আল মাসুদের মেয়ে)

  6. কাজী হাসান শরীফ (ব্যবস্থাপনা পরিচালক, অ্যালায়েন্ট এনার্জি সলিউশন (বিডি) লিমিটেড)

অ্যালায়েন্ট এনার্জি সলিউশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী হাসান শরীফের বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে।

দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম ওবায়েদ উল্লাহ আল মাসুদ পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ব্যাংকের ঋণ অনুমোদন করে সেই ঋণের অর্থ ব্যক্তিগত প্রয়োজনে বিশেষ করে ছেলের বিদেশে শিক্ষার খরচে ব্যবহার করেছেন।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে তৃতীয় পক্ষের কাছ থেকে নগদ অর্থ জমা, ক্লিয়ারিংয়ের মাধ্যমে অজানা উৎস থেকে অর্থ গ্রহণ এবং ব্যবসায়িক কার্যক্রমহীন প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তর করেছেন, যা অর্থপাচার ও মানি লন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত।

যেহেতু ওবায়েদ উল্লাহর দুই সন্তান ইতিমধ্যে দেশত্যাগ করেছেন, তাই তিনিসহ তাঁর পরিবারের অন্য সদস্যরাও দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এই নিষেধাজ্ঞা জরুরি বলে দুদক মনে করছে।

অপরদিকে, দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান কাজী হাসান শরীফের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। তাঁর আবেদনে বলা হয়, অভিযুক্ত কাজী হাসানের বিরুদ্ধে অবৈধভাবে প্রায় দুই হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন- এমন তথ্য বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *