মশিউর রহমান বাবু (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
সভায় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলু প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, সন্ত্রাস দমন, মাদক নির্মূল, নিরাপত্তা জোরদার, উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে সাম্প্রতিক অভিযান ও অপরাধ দমনের অগ্রগতি তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা উপজেলার সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

