নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের শংকরখালী বড়বাড়ি এলাকার একটি সেতুর রেলিংয়ের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম রফিক কবিরাজ। তিনি শংকরখালী বড়বাড়ির তাজু মেম্বারের বড় ভাই বলে জানা গেছে।
আজ রোববার (৯ নভেম্বর) সকালে স্থানীয়রা শংকরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেতুর নিচে একজন ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গেই তারা নবাবগঞ্জ থানায় খবর দেন।
ঘটনাটিকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটি আত্মহত্যা বলে ধারণা করলেও, অনেকেই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করেছেন।
ঘটনার বিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

