নাটোর: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য ও বঞ্চিত সকল প্রভাষক (৩২তম থেকে ৩৭তম ব্যাচ) এর সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ (পূর্ববর্তী তারিখ থেকে কার্যকর) পদোন্নতির সরকারি আদেশ (জিও) জারির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) দুপুরে নাটোরের এনএস সরকারি কলেজ চত্বরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এন এস সরকারি কলেজ ও রানী ভবানী সরকারি মহিলা কলেজের শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এনএস সরকারি কলেজ অর্থনীতি বিভাগের ৩৩তম বিসিএস-এর প্রভাষক মো. মঞ্জুরুল হক, ৩৪তম বিসিএস-এর মো. মাহমুদ হাসান, এনামুল হক, ৩৫তম বিসিএস-এর মো. আনিছুর রহমান, মোছা. শারমিন আক্তার, ৩৬তম বিসিএস-এর মো. রেজাউল করিম এবং ৩৭তম বিসিএস-এর মো. নাজিম উদ্দিন, সহ এন এস সরকারি কলেজ ও রানী ভবানী সরকারি মহিলা কলেজের অন্যান্য প্রভাষকবৃন্দ।
বক্তারা বলেন, আমরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম ব্যাচ থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিযোগ্য প্রভাষকদের অনতিবিলম্বে পদোন্নতির দাবি জানাচ্ছি। সরকার ইচ্ছা করলেই আমাদের পদোন্নতি দিতে পারে। এর জন্য প্রয়োজন শুধু উদ্যোগ গ্রহণ ও সদিচ্ছা থাকা।
কারণ, পদোন্নতিযোগ্যদের তালিকায় থাকা ৩৫তম ব্যাচ পর্যন্ত কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করলে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না। অর্থাৎ, বেতন কাঠামোয় কোনো পরিবর্তন হচ্ছে না। সরকারের কোনো অতিরিক্ত আর্থিক ব্যয় ছাড়াই এসব ব্যাচের কর্মকর্তারা পদোন্নতি পেতে পারেন।

