আকরামুজ্জামান আরিফ (কুষ্টিয়া): ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি গোডাউন মোড়স্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদুল ইসলামের ছবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে, আগামী সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন বঞ্চিত শহীদুল ইসলামের পক্ষে স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল করে তোলে বিএনপির নেতাকর্মীরা।
নেতাকর্মীরা ‘রাজপথের শহীদুল, আমরা তোমায় ভুলি নাই’, ‘হামলা মামলার শিকার শহীদুল, তোমায় ছেড়ে যাব না’ সহ ব্যতিক্রমী নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলে।
পরে বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামল সহ প্রায় ৪০ বছর ধরে বিএনপি তথা ধানের শীষের একমাত্র কাণ্ডারি অধ্যাপক শহীদুল ইসলাম। ভেড়ামারা-মিরপুরে বিএনপির ৯০ ভাগ নেতাকর্মী এখনো তাঁর অনুসারী। তাঁকে মনোনয়ন না দিয়ে তাঁর প্রতি অবিচার করা হয়েছে। এতে দলকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে দ্বিধা-বিভক্তি সৃষ্টি হয়েছে। সমাবেশে নেতাকর্মীরা ঘোষিত মনোনয়ন বাতিল করে অবিলম্বে অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।
র্যালিতে অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনবার হোসেন চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক শামীম রেজা শামীম, মোশাররফ হোসেন, অধ্যক্ষ আসলাম উদ্দীনসহ বিএনপির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

