গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের দিঘলী ফুলবাড়ী গ্রামে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. শামচু জোহা (২৮) গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শামচু জোহার বাবা মৃত আব্দুল কাফি ২০০২ সালের ২৪ মার্চ দলিল মূলে তফসিলভুক্ত জমিটি ক্রয় করেন এবং সেটি দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি একই গ্রামের মো. নাছির হোসেন লাবলু (৩৬), (বাবা মৃত আব্দুর রাজ্জাক), ওই জমির মিথ্যা মালিকানা দাবি করে জোরপূর্বক দখলের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গত ৩ নভেম্বর ২০২৫ তারিখে বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত লাবলু অভিযোগকারীর বাড়ির সামনে এসে নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। তিনি বলেন, রাস্তা বন্ধ করে জমি দখল করব, বাধা দিলে মেরে ফেলব।
এ সময় স্থানীয় কয়েকজন সাক্ষী ঘটনাটি প্রত্যক্ষ করেন। সাক্ষীদের মধ্যে রয়েছেন মো. এনামুল হক (৫২) ও মো. মোজাম্মেল হক (৭০), উভয়েই একই গ্রামের বাসিন্দা।
অভিযোগকারী শামচু জোহা জানান, অভিযুক্ত লাবলু ও তার সহযোগীরা জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। তিনি আশঙ্কা করছেন, যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অভিযোগটি হাতে পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

