পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ যোগদান করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে তিনি পাঁচবিবি উপজেলার ইউএনও হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান শেষে সন্ধ্যায় নিজ কর্মস্থলে উপস্থিত হন। এসময় উপজেলা প্রশাসনে কর্মরত সকল দপ্তরের পক্ষ থেকে তাদের ‘টিম লিডার/ক্যাপ্টেন’ নবাগত ইউএনও মহোদয়কে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে নবাগত ইউএনও মহোদয়কে ফুল দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মো. মাহবুব হোসেন প্রধান ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার দাস সহ সকল কর্মচারীগণ।
পাঁচবিবি থেকে আগের ইউএনও রোমানা রিয়াজ মহোদয় বদলি হয়ে নওগাঁর সাপাহার উপজেলায় যোগদান করেন। অপরদিকে সাপাহার থেকে বদলি হয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. সেলিম আহমেদ স্থলাভিষিক্ত হলেন। পাঁচবিবির নবাগত ইউএনও মহোদয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ালেখা শেষে ৩৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হন। সহকারী কমিশনার হিসেবে কর্মজীবনের প্রথমেই তিনি নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর দায়িত্বশীল ও সুনামের সহিত দেশের বিভিন্ন জেলায় তিনি তাঁর দায়িত্ব পালন করেন। ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন। সংসার জীবনে এক ছেলে সন্তানের জনক তিনি।
পাঁচবিবি উপজেলাবাসীর পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে সরকারের দেওয়া দায়িত্ব পালনে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও মহোদয়।

