কেরানীগঞ্জ: দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক অপরাধ দমনে প্রতিষ্ঠার পর থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য নির্মূলের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে র্যাবের ধারাবাহিক অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায়, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র্যাব-১০ এর সহযোগিতায় সোমবার (০৪ নভেম্বর) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে বিএসটিআই (BSTI) অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ সামগ্রী বিক্রয় ও মজুদের প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা করা হয়।
- জয় মণ্ডল: ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা।
- বাবুল মিয়া: ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা।
- বায়েজীদ: ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা।
এছাড়া, অভিযানস্থলে বিপুল পরিমাণ ভেজাল ও নকল ঔষধ সামগ্রী জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যে অভিযুক্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ও নকল ঔষধ সামগ্রী বিক্রয়ের মাধ্যমে সাধারণ জনগণের স্বাস্থ্য নিয়ে ঝুঁকিপূর্ণ খেলা খেলছিলেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র্যাব ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

