সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাহাড়ে বিএনপির নতুন মুখ অ্যাডভোকেট দীপেন দেওয়ান, অন্য দুই আসনে পুরোনোতেই ভরসা

পাহাড়ে বিএনপির নতুন মুখ অ্যাডভোকেট দীপেন দেওয়ান, অন্য দুই আসনে পুরোনোতেই ভরসা, কালের বার্তা

আলমগীর মানিক (রাঙামাটি): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর জন্য পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বিএনপির দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (০৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭টি আসনের প্রার্থীদের নাম পড়ে শোনান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণা অনুযায়ী, ২৯৯ নং আসন রাঙামাটিতে সাবেক যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান, খাগড়াছড়িতে আবদুল ওয়াদুদ ভূঁইয়া এবং বান্দরবানে সাচিং প্রু জেরী-এর নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটিতে ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান এই প্রথমবারের মতো রাঙামাটিতে মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি মনোনয়নে তার স্ত্রী মৈত্রী চাকমা লড়াই করেছিলেন।

এই আসনে বিএনপির হয়ে ২০০১ সালে মণি স্বপন দেওয়ান জয়লাভ করেছিলেন। তার আগে ১৯৯৬ সালের (ফেব্রুয়ারি) ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুসুম চাকমা বিজয়ী হয়েছিলেন।

জানা গেছে, দীপেন দেওয়ান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন উপদেষ্টা প্রয়াত সুবিমল দেওয়ান-এর সুযোগ্য সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী, সপ্তম বিসিএস-এ জুডিশিয়ারি সার্ভিসে দীর্ঘ ১৯ বছর তিনি চাকরি করেছেন। তিনি রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি এবং রাঙামাটি আইন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য।

অপরদিকে, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া এর আগে দুবার সংসদ সদস্য হয়েছেন- প্রথমবার ১৯৯৬ (ফেব্রুয়ারি) সালের ষষ্ঠ এবং পরে ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে। তিনি আবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেলেন।

অন্যদিকে, বান্দরবানে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী। তিনি ১৯৯৬ (ফেব্রুয়ারি) সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন। বান্দরবান সদর উপজেলা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাচিং প্রু। তার বাবা অং শৈ প্রু চৌধুরী ১৯৮৮ সালের নির্বাচনে এই আসন থেকে বিএনপির হয়ে বিজয়ী হয়েছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *