কক্সবাজার: পুকুরে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি কইড়াপাড়া এলাকায় ঘটেছে এ মর্মান্তিক ঘটনা।
নিহত দুই শিশু হলো জান্নাতুল মাওয়া নূরী (৯) ও তার ছোট ভাই মুহাম্মদ হাসান (৭)। তারা টইটং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৌলভী হাসানের জুম এলাকার নুরুল আমিনের সন্তান। নূরী টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এবং হাসান প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী ছিল।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালে দুই শিশুকে নিয়ে তাদের মা ছকিনা বেগম একই ইউনিয়নের পশ্চিম সোনাইছড়িতে বড় বোন হাছিনা বেগমের বাড়িতে বেড়াতে যান। এদিন দুপুর আড়াইটার দিকে শিশু নূরী ও হাসান খালার বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় মা ও খালা ঘরের রান্নার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এরই একপর্যায়ে সবার অগোচরে খেলতে খেলতে দুই শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে স্বজন ও প্রতিবেশী লোকজন পুকুর থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
টইটং ইউনিয়ন পরিষদের সদস্য ইলিয়াস মুহাম্মদ রুকুন উদ্দিন বলেন, দুই শিশুকে নিয়ে তাদের মা খালার বাড়িতে বেড়াতে যান। সেখানে অসতর্কতার কারণে পুকুরে ডুবে তারা প্রাণ হারায়। ঘটনাটি খুবই হৃদয়বিদারক। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবক, বিশেষ করে মায়েদের আরও বেশি সচেতন হওয়া দরকার। এ ব্যাপারে সমাজের সকল স্তরের নাগরিককে সচেতনতামূলক কাজ করতে হবে, যাতে শিশুর নিরাপত্তার বিষয়টি সুরক্ষা করা যায়।

