দোহার (ঢাকা): এলাকার নিরাপত্তা নিশ্চিত এবং দুর্ঘটনা রোধের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের সমাজকল্যাণ ও মানবিক সংগঠন ‘চৈতাবাতর যুব সমাজ’। শনিবার (১লা নভেম্বর) এই যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে এলাকার প্রত্যেকটি মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে রং দিয়ে স্পষ্ট করে গতি প্রতিরোধ আইল বা স্পীড ব্রেকার (Speed Breaker) চিহ্নিত করা হয়েছে। যুব সমাজের এই প্রশংসনীয় কাজকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।
এলাকার সৌন্দর্য বর্ধন ও বিশেষত পথচারী, শিশু এবং বয়স্কদের নিরাপত্তা নিশ্চিতের এই চমৎকার উদ্যোগটি সম্পন্ন করতে যুব সমাজের সদস্যরা নিরলসভাবে পরিশ্রম করেছেন। তাঁদের এই মহৎ প্রচেষ্টার জন্য এলাকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
এই উদ্যোগের পাশাপাশি চৈতাবাতর যুব সমাজ সকলের প্রতি একটি গুরুত্বপূর্ণ সচেতনতা বার্তা প্রদান করেছে। বিশেষভাবে গ্রামের ভেতরের রাস্তায় চলাচলকারী মোটরসাইকেল চালকদের প্রতি তাঁদের বিনীত অনুরোধ:
- অত্যন্ত সাবধানে এবং ধীর গতিতে চলাচল করুন।
- মসজিদ ও বিদ্যালয়ের সামনে গতি আরও কমিয়ে দিন।
- মনে রাখবেন, গ্রামে ছোট ছোট ছেলে-মেয়েরা রাস্তা দিয়ে খেলা করে ও দৌড়াদৌড়ি করে।
- একটি সামান্য অসতর্কতা বা দুর্ঘটনা একটি পরিবার ও আপনার সারা জীবনের কান্নার কারণ হতে পারে। পরিবারের কথা মনে রেখে গতি নিয়ন্ত্রণ করুন।
যুব সমাজের পক্ষ থেকে এলাকার সকল বাসিন্দাকে এই ভালো কাজে বিরোধিতা না করে সকলে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। যেহেতু এলাকাটি সকলের দায়িত্ব, তাই এর উন্নয়ন ও সুন্দর করার ক্ষেত্রে যার যার অবস্থান থেকে সহযোগিতা করা আমাদের কর্তব্য।
আহ্বান: আসুন, সকলে মিলে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ি।

