নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি করে চাঞ্চল্য সৃষ্টিকারী শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিককে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তার কাছ থেকে ০১ টি বিদেশী রিভলবার ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় খাবার হোটেলের ব্যবসায়ী লোকমান হোসেনের (৩০) কাছে এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক ও তার দলবল ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসা বন্ধের হুমকি দেওয়া হয়। জীবন বাঁচাতে লোকমান বাধ্য হয়ে ১ লাখ টাকা দেন।
ঘটনার দিন ১৮ অক্টোবর শনিবার দুপুরে অবশিষ্ট ৪ লাখ টাকার জন্য শফিকুল ইসলাম তার লোকজন নিয়ে মোটরসাইকেলযোগে কর্ণগোপ এলাকায় প্রবেশ করে এবং লোকমান হোসেনের কাছে পুনরায় চাঁদার টাকা দাবি করে। লোকমান হোসেন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার ডান পায়ে বিদ্ধ হয়। লোকমানের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী লোকমান হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এই চাঞ্চল্যকর ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর পরিপ্রেক্ষিতে, র্যাব-১১, সিপিএসসি-এর একটি বিশেষ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ অক্টোবর বৃহস্পতিবার ভোর ০৪:২০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার সবুজবাগ থানাধীন মাদারটেক এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিককে (৩৬) একটি বিদেশী রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। তার স্থায়ী ঠিকানা রূপগঞ্জের কর্ণগোপ হলেও, তিনি ঘটনার পর সবুজবাগ থানাধীন উত্তর মাদারটেক এলাকায় ভাড়া থাকতেন।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় ইতোপূর্বে অন্তত ০৬ টি মামলা রয়েছে।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামি শফিকুল ইসলাম শফিককে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ডিএমপি, ঢাকার সবুজবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

