খুলনা: আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯ ঘটিকায় নগরীর ময়লাপোতা মোড়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে ইজিবাইক চালকদের অংশগ্রহণে ট্রাফিক সচেতনতামূলক এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি পুলিশ কমিশনার মহোদয় বলেন, মোড়গুলোতে যত্রতত্র পার্কিং করবেন না। ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকবেন।
তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, ইজিবাইক চালক যেমন একটি পরিবারকে প্রতিনিধিত্ব করেন, একই সাথে যাত্রীগণও কয়েকটি পরিবারের প্রতিনিধিত্ব করেন। এজন্য সকল চালকদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, কারণ তার অসতর্কতা বা অসাবধানতার কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে প্রত্যেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি সকলেই নিয়ম মেনে রাস্তায় চলাচল করার অভ্যাস গড়ে তুলি, তাহলেই খুলনা মহানগরকে নিরাপদ ও যানজটমুক্ত শহর হিসাবে গড়ে তোলা সম্ভব হবে।
এ সময় কেএমপি’র অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ছয়রুদ্দীন আহম্মেদ, পুলিশ সদস্যবৃন্দ, ইজিবাইক চালক, সিএনজি চালক, শ্রমিক ইউনিয়নের নেতা ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

