দোহার (ঢাকা): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ‘রাষ্ট্র কাঠামো নির্মাণে ও মানবিক বাংলাদেশ গড়ার’ লক্ষ্যে ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে স্থানীয় বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা (মেঘুলা) পুকুরপাড় মসজিদ এলাকায় চতুর্থ এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে উপস্থিত বক্তারা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অবদান ও অর্জন স্মরণ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার ঘরে ঘরে ভোটের দাওয়াত পৌঁছে দিতে হবে বলে মত প্রকাশ করেন। তারা বিএনপিকে জনগণের আস্থার প্রতীক হিসেবে তুলে ধরার অঙ্গীকার করেন।
বক্তারা ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের এমপি প্রার্থী খন্দকার আবু আশফাকের হাতকে শক্তিশালী করতে সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। জনগণের ভোটে দলকে ক্ষমতায় এনে খন্দকার আশফাকের হাতকে শক্তিশালী করে ঢাকা-১ আসনের উন্নয়ন করতে সবার সহযোগিতা চাওয়া হয় এবং দেশ ও জনগণের উন্নয়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশে বক্তারা কঠোর বার্তা দিয়ে বলেন, বিগত সময়ে সৈরাচার আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে সামনে এগিয়ে যেতে হবে। মানুষ যেন বিএনপিকে ভালোবেসে ভোট দেয়, কোনো ভয়-ভীতিতে নয়। বিএনপিতে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীর স্থান নেই। সবাইকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ রেখে সততার সাথে জনগণের কাছে পৌঁছানোর আহ্বান জানানো হয়।
৪র্থ এই নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন দোহার থানা কৃষক দলের সভাপতি কাজী রুবেল, দোহার থানা মৎস্যজীবী দলের সভাপতি রমজান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা বাবুল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মালিকান্দা এলাকার সর্বস্তরের জনগণ।

