সর্বশেষ :
19 Oct 2026, Mon

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন শহিদুল আলম

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন শহিদুল আলম

ঢাকা: মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী ড. শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। দেশে ফিরে তিনি দেশবাসী ও সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে দেশে ফিরেও তিনি ফিলিস্তিনের গাজাবাসীর কথা ভোলেননি। তিনি ফিলিস্তিনকে মুক্ত না করা পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার জোর আহ্বান জানিয়েছেন।

ড. আলম বলেন, এখনও গাজা মুক্ত হয়নি। সেখানে এখনও আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীদের ওপর যে নির্যাতন হয়, তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে, তা কিছুই নয়।

গত বুধবার ভোরে আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ ‘কনশানস’ জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করে। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দপ্তর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ কর্তৃক শহিদুল আলমকে আটকের পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার এবং তার মুক্তি নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল।

দেশে ফেরার আগে তিনি তেল আবিব থেকে তুরস্কে পৌঁছান। তার মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *