সর্বশেষ :
19 Oct 2026, Mon

এসআই মিরাজুল হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবশেষে র‍্যাবের হাতে আটক

এসআই মিরাজুল হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবশেষে র‍্যাবের হাতে আটক

ঢাকা: দীর্ঘ ১৪ বছর ধরে পলাতক থাকা ঝিনাইদহ জেলার বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা এসআই মিরাজুল ইসলাম হত্যা মামলায় আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. লিয়াকত শেখ (৪২)-কে অবশেষে গ্রেফতার করেছে র‍্যাব। ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগান নিয়ে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০ ও র‍্যাব-৪ এর একটি বিশেষ যৌথ অভিযানে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ২.৩০ ঘটিকায় ঢাকা জেলার ধামরাই থানাধীন চরডাউটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

ঘটনার সূত্রপাত হয় ২০১১ সালের ২৩ আগস্ট রাতে। ঝিনাইদহ জেলা শহরের বাস মালিক সমিতি অফিসের সামনে একটি মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করে। তদন্তে জানা যায়, এটি ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলামের মোটরসাইকেল। কিন্তু তিনি নিখোঁজ ছিলেন এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়, যা পরিস্থিতিকে রহস্যজনক করে তোলে।

পরবর্তী অনুসন্ধানে জানা যায়, ওইদিন সন্ধ্যায় ইফতারের পর এসআই মিরাজুল ইসলাম দাপ্তরিক কাগজপত্র, সরকার কর্তৃক ইস্যুকৃত পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ নিজ মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু তিনি আর ক্যাম্পে পৌঁছাননি।

পরদিন, ২৪ আগস্ট সকালে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের পূর্ব পাশের একটি পানি ভর্তি ডোবা থেকে পুলিশ তার পোশাক পরিহিত হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে। তদন্তে বেরিয়ে আসে যে সন্ত্রাসীরা তার কাছে থাকা অস্ত্র, গুলি, মোটরসাইকেল ও অন্যান্য সরকারি মালামাল ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

 

দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৭ জুলাই, ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, প্রথম আদালত এই মামলার রায় ঘোষণা করেন। আদালত আসামি মো. লিয়াকত শেখকে দণ্ডবিধির ৩৯৬ ধারা (ডাকাতিসহ খুন) অনুযায়ী দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।

আদালতের রায়ের পর থেকেই আসামি লিয়াকত শেখ পলাতক ছিলেন। র‍্যাবের গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি-নির্ভর কার্যক্রমের মাধ্যমে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে তাকে চিহ্নিত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে ধামরাই থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি লিয়াকত শেখ (৪২), পিতা- মো. রহমত শেখ, সাং- নিমতলা, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’র বিরুদ্ধে ইতোপূর্বেও অস্ত্র ও ডাকাতি মামলাসহ মোট ০৬টি মামলা রয়েছে।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সন্ত্রাস, হত্যা ও চাঞ্চল্যকর মামলার পলাতক আসামিদের গ্রেফতারে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *