দোহার (ঢাকা): জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মাছ ধরার অপরাধে মোট ৫ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে প্রশাসন। মঙ্গলবার (৭ অক্টোবর) দীর্ঘ প্রায় ১০ ঘণ্টাব্যাপী পরিচালিত এক অভিযানে এদেরকে আটক করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, পদ্মা নদীর দোহার সীমানার বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে ইলিশ আহরণ করার সময় তাদের হাতেনাতে ধরা হয়। আটককৃত জেলেদের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ও ৫ ধারায় দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে।
এছাড়াও, এই অভিযানের অংশ হিসেবে মৎস্য আহরণের কাজে ব্যবহৃত নৌকা/ট্রলারগুলো প্রকাশ্য নিলামে বিক্রয় করা হয়েছে এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। একইসঙ্গে, আটককৃত প্রায় ২০০০ মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম জনান, জানস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কঠোর হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যারা ভাবছেন প্রশাসনকে ম্যানেজ করে ঘৃন্য সিন্ডিকেটের ফাঁদে পা দিবেন, তারা ভুলের সাগরে বাস করছেন। সতর্ক হোন। প্রবাদে আছে – চোরের দশ দিন, গেরস্তের এক দিন। সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন , আসুন একটু ধৈর্য্য ধরি, আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ রাখি এবং জাতীয় সম্পদ রক্ষায় সহযোগিতা করি।

