ঢাকা: ঢাকার দোহার উপজেলায় বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ আরিফ এবং তাঁর পিতা শেখ মুনছেরের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার ও মানহানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে দোহার প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ আরিফ নিজে এই অভিযোগ করেন।
শেখ আরিফ তাঁর বক্তব্যে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে ছিলেন। কিন্তু সম্প্রতি একটি চক্র রাজনৈতিকভাবে কোণঠাসা করতে এবং তাঁদের ব্যক্তিগত সম্মান ক্ষুন্ন করতে লিপ্ত হয়েছে।
তিনি জানান, চক্রটি অভিযোগ করেছে যে তাঁরা বিলাসপুরের রাধানগর গ্রামে জাল দলিল করে জমি দখল ও প্রতারণার সঙ্গে জড়িত। শেখ আরিফ এই অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, তাঁর এলাকার মানুষ তাঁকে ভালোভাবে চেনেন এবং প্রয়োজন হলে যে কেউ খোঁজ নিয়ে বিষয়টি যাচাই করতে পারে।
এই অপপ্রচার থেকে মুক্তি পেতে এবং এর প্রতিকার চেয়ে শেখ আরিফ প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত সহায়তা চেয়েছেন। তিনি আরও জানান, এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি দোহার উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুমের নিকট একটি স্মারকলিপি প্রদান করার প্রস্তুতি নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রিপন মোল্লা, শেখ মুনছের, তৃষা আক্তার, বিল্লালসহ দোহার প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

