সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম আয়োজিত মানববন্ধন

ইসলামী ব্যাংকের দুর্নীতি ও লুটপাটের অভিযোগে দোহারে মানববন্ধন

দোহার (ঢাকা): ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে (IBBL) সংঘটিত দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার লুটপাট, এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অদক্ষ কর্মকর্তা নিয়োগের প্রতিবাদে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকার দোহার উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, দোহার শাখার গ্রাহকদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যাংকের সাধারণ গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। বক্তারা অবিলম্বে ২০১৭-২০২৪ সময়কালে অবৈধভাবে নিয়োগ পাওয়া অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাই এবং আর্থিক লুটপাটের নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে দেশের বৃহত্তম শরিয়াভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকে গত প্রায় সাত বছর ধরে একটি প্রভাবশালী ‘মাফিয়া চক্র’ কর্তৃত্ব করছে। তাদের মূল অভিযোগের কেন্দ্রে রয়েছে আলোচিত ব্যবসায়ী ও ক্ষমতাধর গোষ্ঠী এস আলম গ্রুপ, যারা রাজনৈতিক প্রভাব ও আর্থিক শক্তি ব্যবহার করে ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়েছে।

বক্তারা দাবি করেন, এই সময়কালে ব্যাংকে হাজার হাজার কোটি টাকার অনিয়মিত ঋণ বিতরণ, সংশ্লিষ্টদের আত্মীয়স্বজনকে অদক্ষভাবে নিয়োগ, এবং অর্থপাচারের মতো গুরুতর অভিযোগ উঠেছে।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা গ্রাহকদের আমানত রক্ষায় একাধিক সুস্পষ্ট দাবি উত্থাপন করেন। বক্তারা বলেন, গ্রাহকের আমানত রক্ষায় ইসলামী ব্যাংকে একটি শক্তিশালী, দক্ষ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। যারা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তাদের প্রধান দাবিগুলো হলো- অবিলম্বে ২০১৭-২০২৪ সময়কালে অবৈধভাবে নিয়োগ পাওয়া অদক্ষ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করে ছাঁটাই করতে হবে ও এস আলম গ্রুপসহ সংশ্লিষ্ট ‘মাফিয়া চক্রের’ লুটপাটের নিরপেক্ষ তদন্ত করতে হবে।

মানববন্ধনে বক্তারা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তারা মন্তব্য করেন, নিয়ন্ত্রক সংস্থার এই নীরবতা ইসলামী ব্যাংকের এই বিপুল দুর্নীতিকে আরও বেশি উৎসাহিত করেছে।

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম হুঁশিয়ারি দিয়েছে, যদি তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হয়, তবে তারা ভবিষ্যতে সারা দেশে বৃহত্তর গ্রাহক আন্দোলনের ডাক দেবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *