ঢাকা: ঢাকার দোহার উপজেলায় বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এর আহ্বায়ক শেখ আরিফ এর বিরুদ্ধে ভূমি দখল, জাল দলিল তৈরি এবং প্রতারণার অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। শেখ আরিফকে ভূমিদস্যু আখ্যা দিয়ে তারা অবিলম্বে এর প্রতিকার চেয়েছেন তারা। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার কালেমা চত্বরে বিলাসপুর ইউনিয়নের রাধানগর গ্রামের ৫নং ওয়ার্ডের ভুক্তভোগী পরিবার জাল দলিল ও প্রতারণার শিকার হয়ে এই মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয়।
ভুক্তভোগীরা জানান, প্রবাসী অধ্যুষিত দোহার উপজেলায় জমির ব্যাপক চাহিদা থাকায় সেই সুযোগ কাজে লাগিয়ে শেখ আরিফের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র সম্পত্তি হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। তাদের জাল দলিলের জালিয়াতির কারণে ৪০-৫০ বছরেরও বেশি সময় ধরে ভোগ-দখলে থাকা জমির মালিকরাও এখন দিশেহারা।
ভুক্তভোগী তাপস শেখ অভিযোগ করে বলেন, বাপ-দাদার বসতবাড়িতে আমরা বহুবছর ধরে বসবাস করে আসছি। সেই বাড়ি জাল দলিল তৈরি করে শেখ আরিফ তাদের জমি দাবি করছে এবং আমাদের উচ্ছেদের জন্য হুমকি-ধামকি দিচ্ছে। আমরা তার প্রতারণার শিকার, আমরা তার শাস্তি চাই।
রাধানগর গ্রামের কাশেম শিকদার বলেন, আসল জমির মালিককে অন্ধকারে রেখে একজনের জমি নিজের নামে রেজিস্ট্রি করে ভূমিদস্যু শেখ আরিফ ও তার সংঘবদ্ধ চক্র আমাদের পথে বসিয়ে দিচ্ছে।
মানববন্ধন শেষে ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম-এর নিকট স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে ইউএনও তানিয়া তাবাসসুম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। দোহার থানা প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

