ঢাকা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার (০৫ অক্টোবর) রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১০ এর একটি দল ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে ১৬৬৭ পিস ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য ৫,০০,১০০/- (পাঁচ লক্ষ একশত) টাকা। এ সময় তিন মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মো. নুর আলম (৫০), পিতা- মৃত সামছুল হক, সাং- বালুমোড়া, থানা- হাজিগঞ্জ, জেলা- চাঁদপুর। মো. জসিম উদ্দিন স্বপন (৪৫), পিতা- হাজী আবুল কাশেম, সাং- পশ্চিম বক্সনগর, থানা- ডেমরা, ডিএমপি, ঢাকা ও মো. কাউছার পারভেজ (২৫), পিতা- মো. সিদ্দিক, সাং- কচুবনিয়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকার ডেমরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ এক বিবৃতিতে জানিয়েছে, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী এবং সমাজের শান্তি ও উন্নয়নের স্বার্থে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অব্যাহত থাকবে।

