খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে ৩০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে খানজাহান আলী থানা পুলিশ।
কেএমপি সূত্রে জানা যায়, নগরীকে মাদকমুক্ত করার চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (০১ অক্টোবর) সকালে উপজেলার খানজাহান আলী থানা পুলিশ পথেরবাজার পুলিশ চেকপোস্টে অভিযান পরিচালনা করে। এসময় ৩০০ (তিনশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় মাদক কারবারি সুমন রেজা (৩৭)-কে। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন বলিদাপাড়া এলাকার মৃত. আ. সামাদ বিশ্বাসের পুত্র।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কেএমপি নগরীতে মাদকের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

