খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীকে মাদকমুক্ত করার লক্ষ্যে তাদের নিয়মিত ও কঠোর তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে খানজাহান আলী থানা পুলিশ এক নারী মাদক কারবারিকে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পথেরবাজার পুলিশ চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় ফাতেমা বেগম ফতে (৩৭), পিতা- মো. হোসেন আলী, স্বামী- আব্দুল গাফ্ফার খান, সাং-বসুন্দিয়া, থানা-কোয়াতলী, জেলা-যশোরকে আটক করা হয়। তার কাছ থেকে মোট ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারি ফাতেমা বেগমের বিরুদ্ধে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
কেএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে এবং নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

